ট্রান্সফরমারের ৮টি সাধারণ সমস্যা এবং সমাধান
অতিরিক্ত গরম, তেল লিক, শব্দ, বুশিং ফাটা, সিলিকা জেলের রং বদল আর ভোল্টেজ সমস্যা: কারণ আর করণীয়।
১. অতিরিক্ত গরম হওয়া
কারণ: ওভারলোড, তেল কম, রেডিয়েটর ময়লা বা রুমে বাতাস চলাচল নেই।
করণীয়: লোড মাপুন, তেলের লেভেল দেখুন, রেডিয়েটর পরিষ্কার করুন, রুমে এক্সজস্ট ফ্যান বা ভেন্টিলেশন দিন। লোড স্থায়ীভাবে বেশি হলে বড় ট্রান্সফরমার বা দ্বিতীয় ট্রান্সফরমার লাগবে।
২. তেল লিক
কারণ: গ্যাসকেট পুরনো বা শক্ত হয়ে গেছে, বুশিং বা ভালভ ঢিলা, ট্যাংকে মরিচা।
করণীয়: লিকের জায়গা চিহ্নিত করে গ্যাসকেট বদলানো, তেল টপ-আপ করা। তেল কমে গেলে ওয়াইন্ডিং গরম হয়ে নষ্ট হতে পারে।
৩. সিলিকা জেলের রং গোলাপি
কারণ: ব্রিদারের সিলিকা জেল আর্দ্রতা শুষে নিয়েছে।
করণীয়: জেল বদলান বা শুকিয়ে আবার ব্যবহার করুন। নীল (বা কমলা, ধরন অনুযায়ী) থাকলে ঠিক আছে। এটা অবহেলা করলে তেলে পানি ঢোকে।
৪. অস্বাভাবিক শব্দ
স্বাভাবিক গুনগুন শব্দ থাকে। শব্দ হঠাৎ বেড়ে গেলে ওভারলোড, ঢিলা কোর বোল্ট বা উচ্চ ভোল্টেজ সন্দেহ করুন। ভেতর থেকে চটচট শব্দ ভেতরের ডিসচার্জের লক্ষণ, তখন সাথে সাথে বন্ধ করে পরীক্ষা করুন।
৫. বুশিং ফাটা বা পোড়া দাগ
ময়লা, আর্দ্রতা বা ঢিলা কানেকশনে ফ্ল্যাশওভার হয়। শাটডাউন নিয়ে পরিষ্কার করুন, ফাটা বুশিং বদলান, লাগ টাইট দিন।
৬. আউটপুট ভোল্টেজ কম বা বেশি
সাপ্লাই ভোল্টেজ বদলে গেলে অফ-লোড ট্যাপ চেঞ্জার দিয়ে ঠিক করা যায়। ট্যাপ বদলানোর আগে অবশ্যই ট্রান্সফরমার সম্পূর্ণ বন্ধ করতে হবে। শুধু এক ফেজে সমস্যা হলে লোড অসমান বা কানেকশন সমস্যা।
৭. তেলের রং কালো, পোড়া গন্ধ
তেল নষ্ট হয়েছে বা ভেতরে আর্কিং হয়েছে। তেলের BDV টেস্ট করুন। কম হলে ফিল্টার বা বদলাতে হবে। বড় ট্রান্সফরমারে DGA টেস্ট ভেতরের দোষ ধরতে পারে।
৮. বারবার ড্রপআউট ফিউজ গলে যাওয়া
ভুল সাইজের ফিউজ, বজ্রপাত, ওভারলোড বা ভেতরের ফল্ট। বড় ফিউজ লাগিয়ে দেওয়া সমাধান নয়, আগে ইনসুলেশন টেস্ট করে নিশ্চিত হন।
প্রতিরোধই সেরা সমাধান
বছরে একবার পূর্ণ রক্ষণাবেক্ষণে বেশিরভাগ সমস্যা আগে ধরা পড়ে। আমরা বার্ষিক মেইনটেন্যান্স চুক্তিতে তেল টেস্ট, ইনসুলেশন টেস্ট আর আর্থিং টেস্ট করি।